বিশেষ প্রতিনিধি
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষা বুঝতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। প্রধানমন্ত্রী বলেছেন যথাসময়ে নির্বাচন হবে। আমি বলছি, ২০১৯ সালের আগে নির্বাচন হবে না। শনিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। জেলহত্যা দিবসের কর্মসূচি সফল করতে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, মির্জা ফখরুল ইসলাম পৃথিবীর সেরা মিথ্যাবাদী। মিথ্যা ছাড়া অন্য কোনো কথা তিনি শেখেননি।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে নির্বাচন কমিশন ২০১৯ সালেই নির্বাচনী তফসিল ঘোষণা করবে। এর এক দিন আগেও নির্বাচন হবে না। তিনি বলেন, ২০১৯ সালের নির্বাচনের সময় যদি কোনো সংলাপের প্রয়োজন হয়, তা হবে সংসদে প্রতিনিধিত্বশীল দলগুলোর সাথে। যারা সংসদে নেই, তাদের সাথে কোনো অবস্থাতেই আলোচনা হওয়ার সুযোগ নেই।
‘ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি তছনছ’:
এ দিকে, বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে পঁচাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ভুল সিদ্ধান্ত গ্রহণের কারণে বিএনপি আজ তছনছ হয়ে গেছে। বর্তমানে দলটিতে দেখা দিয়েছে সংকট। আওয়ামী লীগের কৌশলের কাছে তারা পরাজিত হয়েছে। তিনি বলে, গণতন্ত্রের বিকল্প গণতন্ত্র, অন্য কিছু নয়। আর ভোটের বিকল্প ভোট। বিএনপির উদ্দেশে তিনি বলেন, আন্দোলন বন্ধ করে ২০১৯ সালের জন্য দল গোছান। আন্দোলনের নামে মানুষ হত্যা, বোমাবাজি করার চেষ্টা করলে প্রশাসন আপনাদের কালো হাত ভেঙে দিতে প্রস্তুত রয়েছে।
‘যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে খালেদা জিয়ার নীরব থাকা’র সমালোচনা করে তিনি বলেন, এ বিচার নিয়ে হয় আপনি ‘হ্যাঁ’ বলুন, না হয় ‘না’ বলুন। নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই।
আয়োজক সংগঠনের আহ্বায়ক আখতার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সংগঠনের নেতা সারোয়ার জাহান বাদশা, ফরুক আহমেদ, এস কে বাদল প্রমুখ বক্তব্য দেন।