দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে জাতীয় চার নেতা হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারী হলেন খোন্দকার মোশতাক ও জিয়াউর রহমান। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ইতিহাসের চাকা ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র হিসেবে তারা কারা-অন্তরীণ জাতীয় চার নেতাকে হত্যার ষড়যন্ত্র করেন।
রবিবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভেনিউতে ‘জেল হত্যা দিবস’ উপলক্ষে আওয়ামী বাস্তুহারা লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যুদ্ধাপরাধী নিজামী ও মীর কাসেম আলীর ফাঁসির রায়ের পর চুপ না থেকে খালেদা জিয়াকে তার অবস্থান পরিস্কার করার আহ্বান জানান ত্রাণমন্ত্রী। একই সঙ্গে তিনি বাস্তুহারাদের জন্য সরকারের পুনর্বাসনে গ্রামাঞ্চলে ৫ থেকে ৭ তলা ভবন নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে হরতালের নামে অরাজকতা সৃষ্টির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার লুত্ফর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন, সতীশ চন্দ্র রায়, শ্রম-বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বাস্তুহারা লীগের কার্যকরী সভাপতি নুরুদ্দিন খান টেলু প্রমুখ।
‘জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে’:
এ দিকে, দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের উদ্যোগে আয়োজিত হরতাল-বিরোধী সমাবেশে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, দেশের মানুষ জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখান করেছে। তিনি বলেন, জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ে সারা দেশের মানুষ যখন আনন্দে আপ্লুত, তখন বিএনপির মদদে জামায়াত হরতাল আহ্বান করেছে।
মায়া বলেন, ২০১৯ সালের আগে দেশে কোনো জাতীয় নির্বাচন হবে না। আর স্বাধীনতা-বিরোধী জামায়াত এবং তাদের দোসর বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাথে কোনো সংলাপও হবে না। তিনি বলেন, শনিবার নাটোরের জনসভায় খালেদা জিয়ার আসল চেহারা উন্মোচন হয়ে গেছে। তিনি এক দিকে ষড়যন্ত্রের উস্কানি দিয়েছেন, তেমনি সহিংসতার মাধ্যমে সরকারকে উত্খাতের হুমকি দিয়েছেন।
আয়োজক জোটের চেয়ারম্যান আব্দুল হক সবুজের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এমপি, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম এমপি, মো. আওলাদ হোসেন প্রমুখ।