আপিল বিভাগের রায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী ও পরিবার।
সোমবার আপিল বিভাগের রায় ঘোষণা শেষে কামারুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, আদালতের রায়ে প্রতিক্রিয়া জানানোর সুযোগ নেই। সর্বোচ্চ আদালতের রায় মানতে হবে। তবে আপিলেও ন্যায় বিচার পেলেন না কামারুজ্জামান। আমরা বেদনাহত, মর্মাহত। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রিভিউ পিটিশন করা হবে।
ট্রাইব্যুনাল আইনে রিভিউয়ের সুযোগ নেই রাষ্ট্রপক্ষের এমন দাবির প্রেক্ষিতে তাজুল ইসলাম বলেন, রিভিউ সাংবিধানিক অধিকার। কাদের মোল্লার রায়ের ক্ষেত্রেও রিভিউ করা হয়েছিল। সুতরাং রিভিউ নিষ্পত্তি করতে হবে। মেরিটেবল না হলে রিভিউ খারিজ হতে পারে। রিভিউ এর সুযোগ না দিয়ে রায় কার্যকর করা যাবে না। রাষ্ট্রপতির কাছে কামারুজ্জামান ক্ষমা চাইবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার বিষয়টি আসামির ব্যক্তিগত বিষয়।
আপিল বিভাগের রায়ের রিভিউ পিটিশন করা হবে বলে জানিয়েছে কামারুজ্জামানের পরিবার। রায়ের পর আদালত প্রাঙ্গণে কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল হোসেন বলেন, এই রায়ে আমার বাবা ন্যায় বিচার পাননি। একজন নিরাপরাধ মানুষকে আজ মৃত্যুদণ্ড দেয়া হলো। আমরা এখন রিভিউ আবেদন করব। রায়ের পরিপূর্ণ কপি পাওয়ার পর রিভিউ আবেদন করতে আমাদের আইনজীবীদের বলেছি। তিনি আরো বলেন, কামারুজ্জামানের বিরুদ্ধে সোহাগপুরে হত্যার কোনো প্রমাণ নেই। ইতিহাসেও তার প্রমাণ নেই। এরপরও চূড়ান্ত রায়ে ফাঁসি বহাল রাখা হয়েছে।