মন্ত্রিসভার বৈঠকে ২০১৫ সালের জন্য ২৩ দিন সরকারি ছুটির অনুমোদন দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। খবর বাসসের।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, সরকারি ছুটির মধ্যে জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ১৫ দিন সাধারণ সরকারি ছুটি এবং অবশিষ্ট ৮ দিন নির্বাহী আদেশে মোট ২৩ দিন সরকারি ছুটি পালিত হবে।
অবশ্য ১৫ দিন সরকারি ছুটির মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি এবং নির্বাহী আদেশে ৮ দিন ছুটির মধ্যে ৩ দিন সাপ্তাহিক ছুটি অন্তর্ভুক্ত থাকবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, হিজরি ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে ২০১৫ সালে ঈদে মিলাদুন্নবীর ছুটি হবে দুই দিন, যথাক্রমে ৪ জানুয়ারি ও ২৪ ডিসেম্বর।