সরকারি চাকরি পাওয়ার জন্য ৩৫তম বিসিএসে অংশ নিতে এবার রেকর্ড দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেছেন বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর আগে ৩৪তম বিসিএসে দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন আবেদন করেন। এই হিসাবে গত বিসিএস থেকে এবার প্রার্থীর সংখ্যা ২২ হাজার ৫৩২ জন, অর্থাত্ ৯ শতাংশ বেশি। আগামী ডিসেম্বরের শেষ দিকে ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন বলেন, বিসিএসের ইতিহাসে এবার সর্বোচ্চ সংখ্যক প্রার্থী আবেদন করে প্রবেশপত্র নিয়েছেন।
তিনি বলেন, এবার পরীক্ষা কেন্দ্র নিয়েও ভাবতে হবে। এই পরীক্ষায় অনেক প্রার্থী। সবার একসঙ্গে পরীক্ষা নেয়ার জন্য অনেকগুলো পরীক্ষাকেন্দ্র পেতে হবে।
৩৫তম বিসিএসে অংশ নিতে গত ৩০ অক্টোবর সন্ধ্যা ৬টায় অনলাইনে আবেদনের সময় শেষ হয়। তবে আরো ৭২ ঘণ্টা অনলাইনে ফি জমা দেয়ার সুযোগ ছিল চাকরিপ্রার্থীদের। এবার ঢাকা কেন্দ্রের অধীনে বিসিএস পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৫৫ হাজার ২৪৪ জন, রাজশাহী কেন্দ্রে ২১ হাজার ৮৭৩ জন এবং চট্টগ্রামে ২০ হাজার ৪৬৯ জন প্রার্থী আবেদন করেছেন। এছাড়া খুলনা কেন্দ্রে ১৪ হাজার ৭৮ জন, বরিশালে পাঁচ হাজার ৭২৯ জন, সিলেটে নয় হাজার ৮৫৮ জন এবং রংপুর কেন্দ্রের অধীনে পরীক্ষায় অংশ নিতে ১৬ হাজার ৮৫৬ জন প্রার্থী আবেদন করেছেন।
গত ২৩ আগষ্ট ৩৫তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে লোক নিয়োগের জন্য এক হাজার ৮০৩টি শূন্য পদের বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। এবারের ৩৫ তম বিসিএসে দুই ঘন্টায় দুইশ নম্বরের প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবে।