এখন সুবিচার পাওয়ার সম্ভাবনা তিরোহিত: খালেদা জিয়া

 
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, অন্যায়, অবিচার, অন্যায্য ও অবৈধ অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া প্রতিটি মানুষের কর্তব্য। ইসলাম আমাদেরকে সে শিক্ষাই দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম  অন্যায়কে প্রতিহত করতে নির্দেশ দিয়ে গেছেন। তার উম্মত হিসেবে আমাদের কর্তব্য যে কোনো গণবিরোধী ক্ষমতাসীন গোষ্ঠীর অনাচার আর অবৈধ ক্ষমতার দাপটে মানুষকে দমিয়ে রাখার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। পবিত্র আশুরা উপলক্ষে এক বাণীতে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া  বলেন, বাংলাদেশে এখন অন্যায়, অবিচার, আর অনাচারের দুঃসময় বয়ে চলছে। এ দেশে মানুষের সুবিচার পাওয়ার সম্ভাবনা এখন সম্পূর্নরুপে তিরোহিত হয়ে গেছে। ক্ষমতাসীন জবরদখলকারীরা জনগণের ওপর চালাচ্ছে সীমাহীন জুলুম,জনগণকে শ্বাসরুদ্ধ করতে তাদের সকল অধিকার কেড়ে নিয়েছে। তাই অন্যায়ের বিরুদ্ধে লড়তে ১০ মহররমের আত্মত্যাগের চেতনাকে বুকে ধারণ করেই আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করতে হবে। খালেদা জিয়া বলেন, ১০ মহররম অন্যায় আর অবিচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হযরত মুহম্মদ সাল্লল্লাহু আলাইহে ওয়া সাল্লামের প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) এ দিনে শাহাদাত বরণ করেছিলেন। কারবালা প্রান্তরে সেই হূদয় বিদারক ঘটনা আজও মানুষকে কাঁদায়।