’মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, মধ্যবর্তী নির্বাচন না দিলে দেশে মধ্যবর্তী সর্বনাশ হতে পারে। কারণ জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কেউ কখনো টিকতে পারেনি। আওয়ামী সরকারও টিকতে পারবে না। আওয়ামী লীগ অতীত থেকে কোনো শিক্ষা নেয়নি বলেই বার বার হোঁচট খেয়েছে।
সোমবার বিকালে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী আহমেদ বলেন, সরকার একজন ব্যক্তির ইচ্ছার ওপর গঠন হয়না, জনগণের হচ্ছে্ই চূড়ান্ত, কারণ এই সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধের সরকার। ক্ষমতালিপ্সা তলে তলে যতই প্রসারিত করবে ততই তাদের বিপদের সম্ভাবনা থাকবে। জনগণকে বন্দী করে কেউ কোনদিন শান্তিতে থাকতে পারে না।
গত পরশু দিন নাটোরে বেগম খালেদা জিয়া জনসভায় গান গাওয়ার অপরাধে বিশিষ্ট শিল্পী ও বাউল, জেলা জাসাসের যুগ্ম সম্পাদক ও সদর থানা সভাপতি আব্দুল খালেককে হাতুড়ি পেটা করে গুরুতর আহত করা হয়েছে জানিয়ে রিজভী বলেন, তার মাথার চুল কেটে ফেলা হয়েছে। তার অপরাধ সে সরকারের দুর্নীতির ওপর একটি গান গেয়েছিল। সে এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।