আদালত কক্ষে মোবাইল ফোন ব্যবহার করায় ব্রিটিশ নাগরিক ও ইংরেজি দৈনিক নিউ এইজ পত্রিকার সাংবাদিক ডেভিড বার্গম্যানকে সতর্ক করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার জামায়াত নেতা এম কামারুজ্জামানের আপিলের চূড়ান্ত রায় ঘোষণা শেষে মোবাইল ফোন ব্যবহারে বিষয়টি বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর নজরে আসলে তাকে সতর্ক করে দেন। একইসঙ্গে তাকে আদালত কক্ষ থেকে বের করে দেয়া হয়।
সকাল ৯টা ১১ মিনিটে আপিলের রায় ঘোষণা করেন বিচারপতি এসকে সিনহা।
রায় ঘোষণা শেষে মোবাইল ব্যবহারের বিষয়টি নজরে আসলে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী ওই সাংবাদিককে উদ্দেশে করে বলেন, এই আদালত কক্ষে আপনি (বার্গম্যান) মোবাইল ফোন ব্যবহার করতে পারেন না। মোবাইল ফোন নিয়ে আদালত কক্ষে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।
এক পর্যায়ে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী দাঁড়াতে বললে বার্গম্যান দাড়িয়ে বলেন, আমি ফোন ব্যবহার করছি না।
তখন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বলেন, অতীতে আপনাকে এ অপরাধের জন্য সতর্ক করে দেয়া হয়েছিলো। এই সতর্কতার বিষয়টি আপনি আমলে নেননি। আদালত কক্ষের বাইরে সতর্কীকরণ নোটিশে লেখা আছে আদালত কক্ষে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। আপিন এখন এখান থেকে বেরিয়ে যান। এরপরই বার্গম্যান আদালত কক্ষ ত্যাগ করেন।