প্রাথমিকে উত্তীর্ণরা পাবে ‘স্মার্ট কার্ড’

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের উন্নতমানের ‘স্মার্ট কার্ডের’ জাতীয় পরিচয়পত্র দেয়ার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই লক্ষ্যে আগামী বছর থেকে তথ্য সংগ্রহ শুরু করতে চায় ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।
দেশের সব নাগরিককে জাতীয় পরিচয়পত্র দিতে জাতীয় সংসদে আইন পাসের এক বছরের মাথায় জাতীয় পরিচয়পত্র প্রদানকারী সংস্থাটি এই উদ্যোগ নিতে যাচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের পরিবর্তে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতিকে স্মার্টকার্ড উপহার দেয়ার পরিকল্পনা আছে ইসির।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন ইত্তেফাককে বলেন, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের স্মার্টকার্ড দেয়ার পরিকল্পনা আছে। শীঘ্রই কমিশনে এই পরিকল্পনা উপস্থাপন করা হবে। আগামী বছর থেকে পিএসসিতে উত্তীর্ণ ১৮ বছরের নিচের নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে।
এনআইডি সূত্রে জানা গেছে, চলমান ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রমে আগামী বছরের ভোটার যোগ্যদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। ফলে আগামী বছর হালনাগাদ কার্যক্রম না করে তার পরিবর্তে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের তথ্য সংগ্রহ করার পরিকল্পনা করা হয়েছে।
গত বছর ৬ অক্টোবর দেশের সব নাগরিককে জাতীয় পরিচয়পত্র দেয়ার বিধান রেখে বিল পাস করে সংসদ। সম্প্রতি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগকে ১৮ বছরের কম বয়সীদের পরিচয়পত্র দেয়ার বিষয়ে কর্মপরিকল্পনা উপস্থাপনে নির্দেশ দেয় ইসি। ২০০৯ সালে প্রথমবারের মতো পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। নতুন নিয়মের ফলে পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ সবাই স্মার্টকার্ড পাবে। ২০১৫ সাল থেকে এ কার্যক্রম শুরু হবে। পিএসসিতে অংশগ্রহণ করা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করা হবে।
নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ ইত্তেফাককে বলেন, স্মার্ট এনআইডি কার্ড প্রস্তুতের জন্য দরপত্র মূল্যায়নের কাজ কমিশন এবং বিশ্বব্যাংকের স্থানীয় ও আঞ্চলিক অফিস সম্পন্ন করেছে। আশা করছি স্মার্ট কার্ডের কার্যক্রম দ্রুত শুরু করা যাবে।