পবিত্র আশুরা পালন

 
বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও  যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে মঙ্গলবার পবিত্র আশুরা পালিত হয়েছে।
মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়। আশুরা অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণার উৎস হিসেবে পরিগণিত হয়ে থাকে।
হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন ইবনে আলী (রাঃ) কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন।
এই শোক ও স্মৃতিকে স্মরণ করে আজ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে পবিত্র আশুরা পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল তাজিয়া মিছিল, বিশেষ মোনাজাত, দোয়া মাহফিল ও কোরআন খানি।
 
পবিত্র আশুরা উপলক্ষে সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধন প্রকাশ করে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতার পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে। পবিত্র আশুরা উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। 
কারবালার বিষাদময় ঘটনাকে স্মরণ করে প্রতিবারের মতো রাজধানীতে মঙ্গলবারও তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায় মানুষ। ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে শোকাবহ হয়ে ওঠে রাজধানীর রাজপথ। 
এদিন সকালে রাজধানীর নাজিমুদ্দিন রোডের হোসনি দালান থেকে সকাল ১০টার দিকে তাজিয়া মিছিল শুরু হয়। মিছিলটি বকশিবাজার, লালবাগ, আজিমপুর, নিউমার্কেট হয়ে ধানমন্ডি লেকে গিয়ে শেষ হয়েছে। এছাড়াও মোহাম্মপুর,পল্টন, মগবাজার থেকে আশুরার মিছিল বের হয়। এসব মিছিলে কেউ কেউ নিজেদের বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ বলে মাতম করতে থাকে। 
এর আগে গতকাল সোমবার রাতেও হোসনি দালান থেকে তাজিয়া মিছিল বের হয়ে নাজিমুদ্দিন রোড, চকবাজার, রহমতগঞ্জ, বকশিবাজার হয়ে পুরান ঢাকার ফরাশগঞ্জে বিবিকা রওজায় গিয়ে শেষ হয়। বিবিকা রওজা থেকে মিছিলটি আবার বের হয়ে মঙ্গলবার ভোরের আগেই হোসনি দালানে এসে শেষ হয়।
এদিকে পুরান ঢাকার ফরাশগঞ্জে বিবিকা রওজা থেকে মঙ্গলবার বিকেলে আশুরার আরেকটি মিছিল বের হয়। এ মিছিলকে বলা হয় ‘বিবিকা ডোলা’। বাংলাবাজার, চকবাজার, আজিমপুর, নিউমার্কেট হয়ে ধানমন্ডি লেকে গিয়ে এটি শেষ হয়।