মঙ্গলবার সকালে মারা গেছেন জাতীয় পুরস্কারজয়ী, জনপ্রিয় শিল্পী মোহাম্মদ আলী। তার বয়স হয়েছিল ৭০ বছর। মোহাম্মদ আলী সিদ্দিকীর মৃত্যুতে শোক জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, “গত শতকের ষাট, সত্তর ও আশির দশকব্যাপী বাংলা আধুনিক গানের মধ্য দিয়ে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন মোহাম্মদ আলী সিদ্দিকী। তার অমর গানগুলোর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাকে কালে কালান্তরে স্মরণ করবে।”
সংগীত জীবনে মোহাম্মদ আলী সিদ্দিকী দুই শতাধিক চলচ্চিত্রে গান গেয়েছেন, কণ্ঠ দিয়েছেন প্রায় সাড়ে তিন হাজার গানে। তিনি সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও কাজ করেছেন। সংগীতে বিশেষ অবদান রাখার জন্য মোহাম্মদ আলী সিদ্দিকী পেয়েছেন জাতীয় পুরষ্কার। এ ছাড়াও দীনেশ পদক, বন্ধন লাইফটাইম এ্যাচিভমেন্ট, শিল্পকলা একাডেমি থেকে সংগীত ও নাট্যকলা পুরস্কারও পেয়েছেন তিনি।