দেশে ব্যক্তিশাসনের অমানবিকতা চলছে : রিজভী

 
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশে এখন একদলীয় ব্যক্তিশাসনের অমানবিকতা চলছে। নিষ্ঠুর দলন পেষনে গোটা রাষ্ট্রটিকে দখলে নিয়ে নিশ্চিন্ত হতে পারছে না। তাই এই সরকার গণতান্ত্রিক কর্মসূচি দমন করতে এরা বিরোধী দলের মিটিং মিছিলের ওপর ঝাঁপিয়ে পড়ে।
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
রিজভী বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে গ্রাস করতে করতে বিচার বিভাগের মাথায়ও বন্দুক রেখে নিজেদের উদ্দেশ্য হাসিল করছে সরকার। আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সকল প্রতিষ্ঠান ধ্বংস করে এখন নিরঙ্কুশ ক্ষমতাবান এক ব্যক্তির সালতানাত চালু হয়েছে এদেশে।
তিনি বলেন, দুদক নামে একটি প্রতিষ্ঠান আছে যেটি এই সরকারের বিশ্বাসভাজন ধোলাই লন্ড্রিতে পরিণত হয়েছে। তবে এই লন্ড্রী থেকে ক্ষমতাসীনদের মাদক ব্যবসায়ী এমপি, ভূমিদস্যু মন্ত্রী, আন্তর্জাতিক প্রতিষ্ঠান কর্তৃক অভিযুক্ত ক্ষমতাশালী ব্যক্তিবর্গের সব অভিযোগ সাফাই হয়ে বেরিয়ে আসে। আর বিএনপির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দাঁড় করিয়ে মামলা মোকদ্দমায় ভোটারবিহীন সরকারের নীল-নকশা বাস্তবায়ন করে। তিনি বলেন, বিদ্যুত্ চমকানোর গর্জনে এই অহংকারী মিথ্যাবাদী, কুরুচিপূর্ণ, ভর্ত্সনাপূর্ণ, অশ্রাব্য বক্তব্য প্রদানকারীদের প্রতিহত করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি।