মুক্তিযোদ্ধার জাল সনদধারী সরকারি কর্মকর্তাদের শাস্তির দাবি

মুক্তিযোদ্ধার জাল সনদধারী সচিব পদমর্যাদার সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতির সভাপতি অ্যাড. খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি জানিয়ে বলেন, ভুয়া মুক্তিযোদ্ধার সনদ দাখিলের অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বাস্থ্য সচিব পদত্যাগ করেছেন। শুধু স্বাস্থ্য সচিব নয় আরো অনেক কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে। এসব কর্মকর্তারা মহান স্বাধীনতার চেতনাকে কলঙ্কিত করে মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করেছে। ‍বিবৃতিতে তারা বলেন, এ ধরনের অভিযোগে তদন্তের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন (দুদক) ধীর গতি অবলম্বন করছে। দুদক অবিলম্বে জাল সনদধারী কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও গ্রেফতার করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।