শুক্রবার সকাল থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হচ্ছে। সকাল নয়টায় বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে জেএসসি এবং কুরআন মজিদ ও তাজবিদের মধ্য দিয়ে জেডিসি পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।
গত ২ নভেম্বর থেকে ২০১৪ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও হরতালের কারণে শুরু হয়নি।
হরতালের কারণে ২ ও ৩ নভেম্বরের পরীক্ষা দুটি ৭ ও ১৪ নভেম্বর তারিখে পরিবর্তন করা হয়েছে। পরবর্তীতে হরতালের কারণে ৫ ও ৬ নভেম্বরের ঘোষিত পরীক্ষা দুটি ১৯ ও ২০ নভেম্বর পরিবর্তন করা হয়েছে। ৩ নভেম্বরে নির্ধারিত জেএসসির বাংলা দ্বিতীয় পত্র ১৪ নভেম্বর শুক্রবার সকাল নয়টা থেকে শুরু হবে। ৩ নভেম্বরের জেডিসির আকাইদ ও ফিকহ এবং আত-তাওহিদ ওয়ালফিকহ (শুধু অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য) পরীক্ষা ১৪ নভেম্বর শুক্রবার সকাল নয়টায় অনুষ্ঠিত হবে।
৫ নভেম্বরে অনুষ্ঠেয় জেএসসির ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ১৯ নভেম্বর বুধবার সকাল ১০টা এবং ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হবে।
৫ নভেম্বর অনুষ্ঠেয় জেডিসির আরবি প্রথম পত্র পরীক্ষা ১৯ নভেম্বর বুধবার সকাল ১০টা এবং ৬ নভেম্বর অনুষ্ঠেয় আরবি দ্বিতীয় পত্র ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হবে।