রাজধানীতে হরতালে সাড়া মেলেনি

 
যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী, মীর কাসের আলী ও কামারুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা সপ্তাহব্যাপী হরতাল অতিবাহিত হয়েছে। বৃহস্পতিবারের হরতালেও রাজধানীবাসীর তেমন সাড়া মেলেনি। নগরবাসীর জীবনযাত্রা ছিল প্রায় স্বাভাবিক। যানবাহন চলাচল, অফিস-আদালত, ব্যাংক-বীমাপাড়া ছিল সাধারণ কর্মদিবসের মতোই। অফিস সময়ে সড়কগুলোতে যানবাহন চলাচলে প্রচণ্ড চাপ লক্ষ্য করা যায়। নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় ছিল যানজট।
ট্রেন, লঞ্চ ও বিমান চলাচলও ছিল স্বাভাবিক। ঢাকা ও শহরতলী এলাকা ও আশপাশ জেলায় যথারীতি গণপরিবহনের পাশাপাশি প্রাইভেট কারও চলাচল করেছে। সকালের দিকে গণপরিবহন কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণপরিবহন চলাচল বাড়তে থাকে। তবে যাত্রী না পাওয়ার কারণে অধিকাংশ দূরপাল্লা সড়কে বাস চলেনি। হরতাল ঘিরে রাজধানীতে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য। কোথাও কোথাও মোতায়েন ছিল জলকামান।
এদিকে জামায়াতের ডাকা হরতালের শেষ দিন বৃহস্পতিবারও সকাল থেকেই রাজপথ দখলে রেখেছিল হরতালবিরোধীরা। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থানে হরতালবিরোধী মিছিল-সমাবেশ ও মানবন্ধন কর্মসূচি পালন করেন।