রানা প্লাজা ধস: আবারো পেছালো তদন্ত প্রতিবেদন জমার সময়

 
সাভারের রানা প্লাজা ধ্বসের ঘটনায় দায়েরকৃত হত্যা ও ইমারত নির্মাণ আইনে দায়ের করা মামলা দুটিতে অভিযোগপত্র দাখিলের (তদন্ত রির্পোট) জন্য আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার মামলা দুটিতে অভিযোগপত্র দাখিলের জন্য দিন ধার্য ছিল। 
এদিন অভিযোগপত্র দাখিলের জন্য সময় চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডি (মতিঝিল ইউনিট) পুলিশের সহকারী সুপার বিজয় কৃষ্ণ কর।
এর প্রেক্ষিতে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আফরোজা শিউলী সময় বাড়িয়ে পরবর্তী দিন ধার্য করেন।
সাভার থানার এসআই ওয়ালী আশরাফ জানান, ১১৩৪ জন নিহত হওয়ার ঘটনায় ভবন মালিক মো. সোহেল রানাসহ ২১ জনের বিরুদ্ধে একটি অবহেলাজনিত হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়। এ মামলার আসামিদের মধ্যে খালেক ওরফে খালেক কুলু, মোহাম্মদ আলী খান, রেফাত উল্লাহ, আবুল হাসান, অনিল কুমার দাস, শাহ আলম মিঠু, এমায়েত হোসেন, রাকিবুল ইসলাম ও আলম মিয়া জামিনে রয়েছেন। এ ছাড়া ১১ জন কারাগারে রয়েছেন।
ইমারত নির্মাণ আইন না মেনে ভবন নির্মাণ করায়  আরো একটি মামলা দায়ের করে রাজউক।
গত বছরের ২৪ এপ্রিল ইতিহাসের ভয়াবহতম এ ভবন ধসের ঘটনায় দুটি মামলা হয়।