ঢাকায় ককটেল হামলায় আহত ৩, ছাত্রলীগ নেতাকে দায়ী!

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর তালতলার মোল্লাপাড়ায় ককটেল হামলায় তিন যুবক আহত হয়েছেন। আহত যুবকেরা হলেন শেরেবাংলা নগর এলাকার সাজিবুল ইসলাম, শহীদুল ইসলাম ও রাফিউল ইসলাম। ককটেলের আঘাতে তাদের শরীরের বিভিন্ন স্থান ঝলসে গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা নিজেদের স্বেচ্ছাসেবক লীগের নেতা দাবি করে হামলার জন্য স্থানীয় ছাত্রলীগের নেতা হৃদয়কে দায়ী করেছেন।

আহত সাজিবুলের অভিযোগ, স্থানীয় ছাত্রলীগের নেতা হৃদয়ের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা তাঁর বাড়িতেও ব্যাপক ভাঙচুর চালিয়েছে। তিনি দাবি করেন, শেরেবাংলা নগরের গণপূর্তের বেদখল হওয়া একটি জমি উদ্ধার করেন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। এ নিয়ে আপত্তি তোলেন শেরেবাংলা নগরের ছাত্রলীগের নেতা-কর্মীরা।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাইলে তিনি হামলার ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, আধিপত্য বিস্তার নিয়ে হামলার ঘটনা ঘটেছে। তবে তিনি দাবি করেন, আহত বা হামলাকারীরা ছাত্রলীগ বা স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন।