মোবাইল ফোনে নিজের ছবি তোলা আজকাল ‘সেলফি’ নাম পেয়েছে। সেলফি তুলে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে পোস্ট করা সারা বিশ্বে একপ্রকার ক্রেজে পরিণত হয়েছে। এই ক্রেজ দেখাতে গিয়ে বেঘোরে জানটা খোয়ালেন পোল্যান্ডের তেইশ বছর বয়সী এক তরুণী। স্পেনের সেভিলিতে ছুটি কাটাতে গিয়ে ব্রিজের উপর সেলফি তোলার সময় ব্রিজ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তার। স্পেনে বেড়াতে যাওয়াটা মেডিকেল ছাত্রী সিলউইয়ার কাছে স্বপ্ন ছিল। মায়ের সঙ্গে কয়েকদিন আগে তিনি সেভিলিতে বেড়াতে গিয়েছিলেন। স্বপ্ন পূরণ হলেও আর বাড়ি ফেরা হল না তার। স্পেনের জনপ্রিয় পুয়েন্তে ট্রিয়ানা ব্রিজে ঝুঁকিপূর্ণভাবে নিজের ছবি তুলতে গিয়ে সব শেষ। সেলফিকে বন্ধুদের কাছে একটু আকর্ষণীয় করে তোলার জন্য ব্রিজের একেবারে কিনারায় চলে গিয়েছিলেন সিললউইয়া। পা ফসকে ১৫ ফুট উঁচু থেকে নদীতে পড়ে যান তিনি। -রয়টার্স