নেত্রকোনা জেলা বিএনপি অফিসে হামলা-ভাঙচুর

ছাত্রলীগের নেতা-কর্মীরা রাম-দা সহ ধারালো অস্ত্র দিয়ে নেত্রকোনা জেলা বিএনপি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে জেলা বিএনপি’র উদ্যোগে দলীয় অফিসে আলোচনা সভা চলাকালে এ হামলার ঘটনা ঘটে।
তবে  ছাত্রলীগ এ হামলার কথা অস্বীকার করেছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা আনোয়ারুল হক জানান, দিবসটি উপলক্ষ্যে জেলা বিএনপির উদ্যোগে সকাল ১১টায় ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা শুরু হয়। সভার শেষ পর্যায়ে দুপুর ১২টার দিকে ছাত্রলীগ নামধারী নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি’র অফিসে হামলা চালায়। হামলাকারীরা দলীয় কার্যালয়ে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় আশেপাশের লোকজন ভয়ে দিগ্বিদিক ছুটাছুটি করতে থাকেন। 
জেলা ছাত্রলীগের সভাপতি ফয়জুর মোর্শেদ খান অমি এ হামলার কথা অস্বীকার করে বলেন, ‘কমিটি গঠন নিয়ে গত কয়েকমাস ধরে বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল, তারই বহিঃপ্রকাশ এ হামলা। এটি বিএনপির নিজেদের  অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ।
এদিকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান এবং সম্পাদক ডা. আনোয়ারুল হক এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘হামলা মামলা চালিয়ে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ করা যাবে না।’