আজকের সমাবেশের অনুমতি পায়নি বিএনপি: সকালে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। এ ব্যাপারে আজ শনিবার নয়াপল্টন কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তাদের করনীয় এবং কর্মসুচি জানাবে বিএনপি। এর আগে গতকাল রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জরুরি বৈঠক করেন দলের সিনিয়র নেতারা। এতে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহবায়ক মির্জা আব্বাস, সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু ও রুহুল কবীর রিজভী আহমেদ। বৈঠক শেষে রুহুল কবির রিজভী জানান, আমাদেরকে সমাবেশের অনুমতির বিষয়ে সরকার তরফে কিছু জানানো হয়নি। জনসমাবেশের মতো একটি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনে সরকার টালবাহানা করছে। আমরা সকাল পর্যন্ত অপেক্ষা করবো। এরপর পরবর্তী কর্মসূচি ও করণীয় নিয়ে শনিবার সকাল ১১টায় বিএনপির নয়াপল্টন্থ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন আহবান করা হয়েছে। তখন বিএনপির আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে। এদিকে একটি সুত্র জানায়,আজ সকালের মধ্যে অনুমতি না দেয়া হলে বিএনপি সমাবেশ করবে না। সেক্ষেত্রে তারা সারাদেশে বিক্ষোভ কর্মসুচি অথবা হরতাল দিতে পারে।
এর আগে গতকাল সন্ধ্যায় অনুমতির জন্য বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে যান। কিন্তু দীর্ঘ দুই ঘণ্টা বসে থেকে অনুমতির ব্যাপারে প্রশাসনের কোন সিদ্ধান্ত জানতে পারেননি।