হরিণের কাণ্ড

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের এক গৃহবধু কয়েক ঘন্টা তার বেডরুমে বন্দি থাকতে বাধ্য হলেন এক হরিণের কারণে। বৃহস্পতিবার হরিণটি তার ঘরের কাঁচের জানালা ভেঙে ভেতরে ঢুকে সারা ঘরে ব্যাপক তান্ডব চালাতে শুরু করলে ওই নারী পুলিশের জরুরি নাম্বারে ফোন করেন। পুলিশ ছুটে এসে তাকে উদ্ধার করে।

রেসেলা নামের ওই নারী জানান, তিনি জানালার কাছে বসে ছিলেন। জানালাটি ভূমি থেকে বেশ উচুতে। হরিণটিকে তাদের লনে ঘাস খেতে দেখে তার ভালোই লাগছিল। কিন্তু এক পর্যায়ে হরিণটি কিছুদুর পিছিয়ে গিয়ে জোরে দৌঁড়ে এসে উচুতে লাফ দিয়ে জানালায় আছড়ে পড়ল। হুড়মুড় করে ভেঙে পড়ল কাচের জানালা। হরিণটিও ভেতরে এসে পড়ল। এরপর সে সারা ঘরে ছোটাছুটি করে ভাঙচুর শুরু করে। নিজেকে বাঁচাতে বেডরুমে ঢুকে পুলিশে ফোন দেন তিনি। -এপি