গেজেট প্রকাশে বিলম্ব, বেতন পাচ্ছেন না প্রাথমিক শিক্ষকরা

দ্বিতীয় ধাপে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গেজেট দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গেজেট প্রকাশে বিলম্বের কারণে বিদ্যালয়ের শিক্ষকরা বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানানো হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, সরকার তিন ধাপে দেশের ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেয়। ঘোষিত তিন ধাপের ১ম ধাপে শিক্ষকরা বেতন পেলেও ২য় ও ৩য় ধাপে শিক্ষকরা এখনও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গেজেট পাননি। ২য় ধাপের প্রাথমিক বিদ্যালয় গেজেট হয় গত বছরের ৬ অক্টোবর। ঘোষণা অনুযায়ী ২য় ধাপে গেজেটকৃত ১ হাজার ৭৭০ টি  বিদ্যালয়ের প্রায় ৮ হজার শিক্ষকদের বেতন হওয়ার কথা একই বছরের ১ জুলাই। অন্যদিকে ৩য় ধাপের বিদ্যালয় ও শিক্ষক গেজেট এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। এতে ২য় ও ৩য় ধাপের বিদ্যালয়ের শিক্ষকরা বেতন না পাওয়া মানবেতর জীবনযাপন করছেন। সম্মেলনে শিক্ষক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আতিকুর রহমান, শহীদুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ।