আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করার বিষয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার ৭ দিনের সময়সীমা শেষ হয়নি। শনিবার দুপুর ১২টায় সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আগামীকাল রবিবার রাষ্ট্রপতির কাছে কামারুজ্জামানের ক্ষমা চাওয়ার সাতদিন সময়সীমা শেষ হচ্ছে, এখন কী হবে— সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘প্রকাশিত যে রায় আছে, তার ওপরই আমাদের ব্যবস্থা নিতে হবে। কারাবিধির ৯৯১ ধারাটি দেখেন, যখন আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করে আপিল বিভাগ। এ রায় তাকে জানানোর পর সাতদিন সময় দিতে হয়। এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। তাকে “মার্সি” চাওয়ার জন্য সেই সময় দেয়া হয়েছে। এখন এই সাতদিন তো শেষ হয়নি।’