দেশে ফিরেছেন জয়

 
 
 
 
 
 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দেশে ফিরেছেন। শনিবার বিকাল ৪টা ৫৫ মিনিটে একটি এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে সরাসরি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান জয়।
বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, সংসদ সদস্য জাহিদ হাসান রাসেলসহ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
জানা গেছে— এবারের সফরে সজীব ওয়াজেদ জয় দেশের বিভিন্ন সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে ১১ নভেম্বর ইউনিয়ন তথ্যসেবা নিয়ে ‘এক্সেস টু ইনফরমেশন’ বিষয়ক একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এ ছাড়া, ১৪ নভেম্বর রাজধানীতে একটি সুধি সমাবেশে বক্তব্য দেবেন সজীব ওয়াজেদ জয়। ১৫ নভেম্বর রাজধানীতে তিনি ক্যারিয়ার, দক্ষতা, পেশাগত উন্নয়ন, দেশপ্রেম ও মানুষের সেবায় তরুণদের কাজ করতে উদ্বুদ্ধ ও জনসচেতনা বৃদ্ধি বিষয়ক একটি কর্মসূচিতে অংশ নেবেন। রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতেও তার অংশ নেয়ার কথা রয়েছে।