মিরপুরের মধ্য পাইকপাড়ায় মা আইরিন আক্তার আরজু ও ছেলে সাবিদ হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক সাক্ষ্য-প্রমাণ পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। পুলিশ বলেছে, ব্যাংক কর্মকর্তা আমান উল্লাহ একাই এ জোড়া খুনের ঘটনা ঘটিয়েছেন। পরকীয়াকে পরিণয়ে রূপ দিতে পথের কাটা সরাতেই স্ত্রীকে হত্যা করে আমান উল্লাহ। আর ঘটনা দেখে ফেলায় নিজের সাত বছরের ছেলেকেও নৃশংসভাবে হত্যা করেছেন আমান। তবে এখনো পুরোপুরি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেননি।
মামলার তদন্ত কর্মকর্তা থানার ওসি (তদন্ত) মইনুল হোসেন বলেছেন, এখন পর্যন্ত যেসব তথ্য-প্রমাণ পাওয়া গেছে তাতে প্রাথমিকভাবে আমান উল্লাহ জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে ব্যাংক কর্মকর্তা আমান উল্লাহ সবকিছু স্বীকার করলেও হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি কৌশলে এড়িয়ে যাচ্ছে। তিনি বলেন, তদন্তের প্রয়োজনে আমান উল্লাহকে ফের রিমান্ডে নেয়া হতে পারে। গত বুধবার রাতে মিরপুর মধ্যপাইকপাড়ায় ভাড়া বাসায় আইরিন আক্তার আরজু ও তার সাত বছরের ছেলে সাবিদ খুন হন। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ওই রাতেই আইরিনের স্বামী ব্যাংক কর্মকর্তা আমান উল্লাহকে আটক করে পুলিশ। স্ত্রী ও ছেলে হত্যা মামলায় তাকে তিনদিনের রিমাণ্ডে নেয় মিরপুর থানা পুলিশ। বর্তমানে আমান রিমান্ডে আছেন।