এই প্রথমবারের মত বাংলাদেশি কোন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাণিজ্যিকভাবে বড় পর্দায় মুক্তি দিয়েছে ভারত। নিঃসন্দেহে বাংলাদেশি চলচ্চিত্রের জন্য এটি বিরাট খুশির সংবাদ। ছবিটির নাম “বৈষম্য”। পরিচালনা করেছেন অ্যাডাম দৌলা। গত ৭ নভেম্বর পূর্ণদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি ভারতের মুম্বাইয়ের রত্নগিরি এলাকার “আনন্দ চিত্র মন্দির” প্রেক্ষাগৃহে প্রদর্শন শুরু হয়। ‘বৈষম্য’র ইংরেজি নাম ‘জার্নি অব দা হার্ট’।
এই বিষয়ে পরিচালক অ্যাডাম দৌলা তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘বৈষম্য’ ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, এটি নিঃসন্দেহে একটি বাংলাদেশি চলচ্চিত্রের জয়। কারণ, দীর্ঘদিন ধরে ভারতে বাংলাদেশের ছবি মুক্তি দেয়া নিয়ে নানা চেষ্টা চললেও তা এতদিন সম্ভব হয়নি। এবার তার দ্বার উন্মোচন হল।
পরিচালক সূত্রে জানা যায়, ‘বৈষম্য’ চলচ্চিত্রটি ঢাকার স্টার সিনেপ্লেক্স এর শো-মোশন লিমিটেড এর মাধ্যমে ভারতের বিনিময় কার্যক্রমের অংশ হিসেবে প্রদর্শনের জন্য রপ্তানি করা হয়েছে।