ইউক্রেনের ঘটনাটি কেন্দ্র করে পৃথিবীতে আরেকটি শীতল যুদ্ধ বা স্নায়ুযুদ্ধ আসন্ন বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিলুপ্ত সোভিয়েত ইউনিয়নের সাবেক নেতা মিখাইল গর্বাচেভ। বার্লিন ওয়াল পতনের ২৫তম দিবস স্মরণ উপলে রবিবারে বার্লিনের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন।
মিখাইল বলেছেন, পৃথিবী আজ শীতল যুদ্ধের দ্বারপ্রান্তে এসে উপনীত হয়েছে। শুধু তাই নয়, এমনকি একপ্রকার শীতল যুদ্ধ শুরু হয়ে গেছে বলেও মনে করছেন কেউ কেউ।
রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর যে দ্বন্দ্ব চলছে, আলোচনার মাধ্যমে সেটির একটি সমাধান খুঁজে বের করতেও তাগিদ দিয়েছেন তিনি।
তিনি বলেছেন, বিশ্বব্যাপী পরিবর্তন আনার নেতৃত্ব না দিয়ে ইউরোপ নিজেও এখন রাজনৈতিক অস্থিরতা, আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় মেতেছে এবং দেখা দিচ্ছে সামরিক দ্বন্দ্ব। আর এসব কিছুর মধ্য দিয়ে ইউরোপ নিজেই ক্রমশ আরো বেশি দুর্বল হয়ে পড়ছে।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই বিশ্বে যুক্তরাষ্ট্রের আগ্রাসী ভূমিকা শুরু হয়েছে বলে মন্তব্য করছেন মিখাইল গর্বাচেভ।