ভারতের মধ্যপ্রদেশের একটি সরকারি হাসপাতালের অফিসের চিকিৎসক ভারত বাজপেয়ি আট বছরের মধ্যে একদিনও সাপ্তাহিক ছুটি নেননি। রবিবার এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ভারত বাজপেয়ি ইন্দো শহরের গোবিন্দ বল্লভ পন্থ সরকারি হাসপাতালের ময়নাতদন্ত বিভাগের প্রধান। এর আগে তার দুই সহকর্মী এক হাজার ২০০ দিনের মধ্যে এক দিনও ছুটি না নিয়ে ২০১১ সালে লিমকা বুক অব রেকর্ডসে স্থান করে নেন। এর তিন বছর পরে বাজপেয়ি কোনো ছুটি না কাটিয়ে কর্তব্যপালন করতে থাকেন। দুই দশকের কর্মজীবনে তিনি ১০ হাজারেরও বেশি ময়নাতদন্ত করেছেন।
ভারত বাজপেয়ি বলেন, আমি বিশ্বাস করি, আমাদের যথাসম্ভব পরোপকারী ও মানুষকে সাহায্য করা উচিত। কোনো পদ, পুরস্কার ও সম্মানের জন্য আমি কাজ করিনি। এমনকি আমার বাড়িতে কোনো নামফলক নেই। আমি কি করছি তা নিয়ে কখনো প্রচারণাও চালাইনি।