সড়ক থেকে ইন্টারনেটের তার অপসারণে প্রতিবাদ

 
           
 
 
বিকল্পব্যবস্থা ছাড়া রাজধানীর সড়ক থেকে ইন্টারনেটের তার অপসারণে প্রতিবাদ জানিয়েছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি। রবিবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি ডিপিডিসি ও ডেসকো ১০ দিনের নোটিসে আইএসপি ও কেবল অপারেটরদের ১০ নভেম্বরের মধ্যে রাজধানীর সব সড়কের বৈদ্যুতিক খুঁটি থেকে ইন্টারনেটের তার সরিয়ে ফেলতে বলে। সময় অতিক্রমের আগেই গুলশান ও বনানী এলাকায় ইন্টারনেটের তার কেটে ফেলা হয়েছে।
সংগঠনটির নেতাদের ভাষ্য, আইএসপিএবির সদস্যরা দুই দশক ধরে ডিপিডিসি ও ডেসকোর খুঁটি ব্যবহার করে ইন্টারনেট সংযোগের ব্যবসা চালিয়ে আসছেন। ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্কের (‍এনটিটিএন) তৈরি করা কাঠামোর সহায়তায় এরমধ্যে অনেক প্রধান সড়ক থেকে ইন্টারনেটের তার সরানো হয়েছে। শহরের সৌন্দর্য-বর্ধনের জন্য তার সরানোর উদ্যোগে সংগঠনটি সব সময় সহায়তা করেছে।তবে যেসব এলাকায় এনটিটিএনের কাঠামো নেই, সেখান থেকে তার সরিয়ে ফেললে ইন্টারনেট সংযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে। এ সমস্যার সমাধানে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।