ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় আরো ২২ জন নতুন মন্ত্রী যুক্ত হয়েছেন। রবিবার দুপুর দেড়টায় নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়। ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবনে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় নতুন মন্ত্রীদের শপথ-বাক্য পাঠ করান। সম্প্রসারিত এই নতুন মন্ত্রিসভায় রয়েছেন ৪ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ১৪ জন প্রতিমন্ত্রী। খবর- এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়া
ক্ষমতা গ্রহণের পাঁচ মাস পর প্রথমবারের মতো মন্ত্রিসভা সম্প্রসারণ করলেন নরেন্দ্র মোদী। ‘ন্যূনতম সরকার আর সর্বোচ্চ প্রশাসন’- এই স্লোগান নিয়ে তিনি প্রথমে ১৬ সদস্যের ছোট মন্ত্রিসভা নিয়ে সরকারের যাত্রা শুরু করে চমক সৃষ্টি করেন। মন্ত্রিসভার আকার ছোট হওয়ায় একজন মন্ত্রীকে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে হয়েছিল। নতুন মন্ত্রী নিয়োগের মাধ্যমে মোদী কার্যত ‘ন্যূনতম সরকার আর সর্বোচ্চ প্রশাসন’ নীতি থেকে সরে এলেন।