মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত করার আহবান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। একইসঙ্গে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে কামারুজ্জামানকে আপিল করার সুযোগ দেয়ারও আহবান জানিয়েছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থাটি। রবিবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ আহবান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্তৃপক্ষকে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রস্তুতি নেয়ার বিষয়ে সরকার নির্দেশ দেয়ায় এইচআরডব্লিউ গভীরভাবে উদ্বিগ্ন। আপিলের রায়ের পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। এর মাধ্যমে দ্রুত রায় কার্যকরের আভাস মিলছে। অথচ কামারুজ্জামান ও তার আইনজীবীরা এখনো রায়ের পূর্ণাঙ্গ কপি পায়নি। ৩০ দিনের মধ্যে রিভিউ পিটিশন করার জন্য এই পূর্ণাঙ্গ রায় দরকার। মৃত্যুদণ্ডের যেকোন মামলায় এটা সাধারণ প্রক্রিয়া। সরকারি কর্মকর্তারা এমন ইঙ্গিত দিয়েছেন যে পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই মৃত্যুদণ্ড কার্যকর করা সম্ভব হতে পারে। এমন ইঙ্গিত মৃত্যুদণ্ডের মামলার মানদণ্ডের বিরোধী।