ভিসা আবেদনকারীদের জন্য নতুন সেবা চালু যুক্তরাষ্ট্র দূতাবাসের

 
ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস গ্রাহকবান্ধব ওয়েবসাইটের মাধ্যমে অভিবাসী ভিসা সংগ্রহ ও ভিসা সাক্ষাত্কার পরবর্তী কাগজপত্র জমা দেয়ার জন্য একটি নতুন সেবা পদ্ধতি চালু করেছে। আগে কাগজপত্র জমা দেয়া এবং ভিসা সংগ্রহ সংক্রান্ত সেবাসমূহ ঢাকা কেন্দ্রিক ছিল। কিন্তু এখন থেকে ঢাকায় আসার পরিবর্তে ভিসা আবেদনকারীরা তাদের নিকটস্থ ভিসা সংগ্রহ কেন্দ্র (সায়মন ওভারসীজ) ব্যবহার করতে পারবেন। ঢাকার বাইরে চট্টগ্রাম ও সিলেটে এই কেন্দ্রগুলো অবস্থিত।
রাজধানীর বাইরের আবেদনকারীদের সমস্যা উপলব্ধি করে  রবিবার গুলশানের সায়মন সেন্টারে এই সেবার উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
এ সময় অন্যান্যের মধ্যে মার্কিন দূতাবাসের কনসাল জেনারেল এলিজাবেথ গড়লে, সায়মন সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াজির আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেয়া বক্তব্যে মজীনা বলেন, ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুততর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক তৈরিতে অবশ্যই ভিসা প্রক্রিয়াকে সহজতর করতে হবে। আজকের পদক্ষেপ দুই দেশের অংশীদারিত্ব সম্পর্ক দৃঢ় ও মানুষের মধ্যে সেতুবন্ধনের কাজ করবে।
নতুন সেবা অনুযায়ী এখন থেকে ভিসা সংগ্রহ কেন্দ্র বাছাইয়ের জন্য এবং কাগজ পত্র জমা দেয়া ও ভিসা সংগ্রহের সেবা পেতে অভিবাসী ভিসা আবেদনকারীদের অবশ্যই www.ustraveldocs.com/bd ওয়েবসাইটে প্রোফাইল তৈরি করতে হবে। শুধু মূল আবেদনকারীকেই তার প্রোফাইল  তৈরি করতে হবে। সিলেট এবং চট্টগ্রামে অবস্থিত কেন্দ্রগুলোতে এই সেবা দুটি ধাপে চালু হবে।
প্রথমটি, চলতি বছরের ৯ নভেম্বর থেকে যে সকল অভিবাসী ভিসা আবেদনকারীর ভিসার অনুমোদন হয়েছে তারা তাদের প্রোফাইলে উল্লিখিত নিকটস্থ ভিসা সংগ্রহ কেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
দ্বিতীয় ধাপে ১ ডিসেম্বর থেকে সকল অভিবাসী ভিসা আবেদনকারী তাদের সাক্ষাত্কার পরবর্তী কাগজপত্র নিকটস্থ ভিসা সংগ্রহ কেন্দ্রে জমা দিতে পারবেন। আবেদনকারীর সাক্ষাত্কার গ্রহণকারী কনস্যুলার অফিসার প্রয়োজনীয় কাগজপত্রের একটি তালিকা দেবেন।