গাজীপুরের কালীগঞ্জে আবুল বাশার শেখ (৫৪) নামের এক ইজিবাইক চালককে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে। রবিবার রাত তিনটার দিকে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়হরা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
নিহত বাশার ওই গ্রামের মৃত মফিজ উদ্দিন শেখের ছেলে। তিনি ইজিবাইক চালাতেন।
পারিবার সূত্রে জানা যায়, আবুল বাশারের একাধিক বউ ছিলেন। তিন বছর আগে তার প্রথম স্ত্রী মারা যান। এর ২০ থেকে ২৫ দিনের মাথায় তিনি দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে প্রথম স্ত্রীর ছেলেদের সঙ্গে তার বিরোধ চলছিল। পরে দ্বিতীয় স্ত্রী ডিভোর্স দিলে তিনি তৃতীয় বিয়ে করে। তবে পরিবারের ইঙ্গিত, সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে খুন।
নিহতের পাঁচ ছেলের মধ্যে তিনজন প্রবাসী ও দুইজন দেশে থাকেন। একটি মেয়ে স্থানীয় বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে আবুল বাশার ইজিবাইক নিয়ে কাজে বের হন। ওই দিন তার তৃতীয় স্ত্রী বাড়িতে ছিলেন না। তার জন্য রাতের খাবার ঘরে সাজিয়ে রেখে বাড়ির লোকজন ঘুমিয়ে পড়েন। ঘটনার দিন দিবাগত রাত তিনটার দিকে চিৎকার শুনে বাড়ির লোকজন গিয়ে দেখেন বাশার রক্তাক্ত জখম অবস্থায় আহত হয়ে পড়ে আছেন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন: নিজের ব্যর্থতা ঢাকতেই দিলীপ আমার ওপর দায় চাপাতে চেয়েছেন: আমু
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া জানান, অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরের গাল, পেটে ও পিঠে তিনটি আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের দুই ছেলে ও ছেলের বউ, মেয়ে এবং ভাতিজাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।থানায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/অনি