হতাশার কিছু নেই,আন্দোলন হবে: মির্জা ফখরুল

 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই হতাশা প্রকাশ করেন। হতাশ হওয়ার কিছু নেই। আন্দোলন হবে। নির্দলীয় সরকারের দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে। এই সরকার থাকবে না। তিনি বলেন, বিজয় আমাদের হবেই। আমরা বিপ্লব চাই না। ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা অন্দোলন করছি।৭ নভেম্বরের চেতনাকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
রবিবার জাতীয় প্রেস ক্লাবের কনফরেন্স লাউঞ্জে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ‘গণসিপাহী অভ্যুত্থান ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। আরও বক্তব্য দেন- জাতীয় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক জাফরুল্লাহ চৌধুরী, ন্যাপের জেবেল রহমান গণি, এনপিপির খন্দকার গোলাম মোর্তজা, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমান প্রমুখ।
মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর ছিল অত্যান্ত গুরুত্বপূর্ণ ও তাত্পর্যপূর্ণ দিন। যারা এই দেশকে রক্ষার জন্য স্বাধীনতা যুদ্ধ করেছিলেন, তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বিপ্লব ঘটিয়েছিলেন। তিনি বলেন, স্বাধীনতাকামী মানুষ গণতন্ত্র রক্ষার জন্য রুখে দাঁড়িয়ে ছিলেন। জিয়াউর রহমানের কৃতিত্ব এই জায়গায়- ৩ থেকে ৭ নভেম্বর কোনো সরকার ছিল না বলেই চলে তখন তিনি দায়িত্ব নিয়ে দেশ রক্ষা করেন। নৈরাজ্য থেকে দেশকে দ্বিতীয়বারের মত সংকট থেকে রক্ষা করেছিলেন।