ফুলবাড়িয়া বাস টার্মিনাল দখল নিয়ে দুই গ্রুপের ধাওয়া, পাল্টা ধাওয়া

রাজধানীর ফুলবাড়িয়া বাস টার্মিনালের দখল নিয়ে শ্রমিক লীগের দুই গ্রুপের মধ্যে গতকাল রবিবার ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এর জের ধরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এদিকে, ঢাকা সড়ক পরিবহন নেতৃবৃন্দ গতকাল এক জরুরি বৈঠকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেছেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে তারা রাজধানীর চার টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ করে দেবে।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, গতকাল বেলা ১১টার দিকে টার্মিনালের দখল নিয়ে শ্রমিক লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছু সময় বাস চলাচল বন্ধ থাকলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ফুলবাড়িয়া বাস টার্মিনালের সাধারণ শ্রমিকরা জানিয়েছেন, ঢাকা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নিয়ন্ত্রণ করে এ টার্মিনাল। ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গত সাত বছরে টার্মিনাল দখল নিয়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে কিছু দিন ধরে শ্রমিক লীগের বাচ্চু গাজী সমর্থিত গ্রুপটি টার্মিনালটি দখলের চেষ্টা চালাচ্ছে।
বাচ্চু গাজী ২০ টাকা টোল আদায়ের অনুমতি পেয়েছেন বলে দাবি করে গতকাল দলবল নিয়ে টার্মিনালটি দখলের চেষ্টা করে। পরে সাধারণ শ্রমিকরা একযোগে তাদের প্রতিরোধ করে। শ্রমিকদের প্রতিরোধে তারা ঘটনাস্থল ত্যাগে বাধ্য হয়।
এ ব্যাপারে ইসমাইল হোসেন বাচ্চুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরিবহন শ্রমিক নেতা নামধারী বাচ্চু গাজী অবৈধভাবে রবিবার টার্মিনাল দখলের চেষ্টা চালায়। কিন্তু সাধারণ শ্রমিক ও পরিবহন মালিকদের তোপের মুখে পড়ে তারা ঘটনাস্থল ত্যাগে বাধ্য হয়। অপরদিকে শ্রমিক লীগ নেতা বাচ্চু গাজীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।