রাজধানীর রামপুরার বনশ্রীতে ডিবি পুলিশ পরিচয়ে চালককে গুলি করে হত্যার পর প্রাইভেটকার নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা। রবিবার রাত ৩টার দিকে বনশ্রীর 'সি' ব্লকের বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত গাড়ি চালক ফারুখ শেখের (৩৫) লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতের সহকর্মীরা জানান, তারা মংলাবন্দর দিয়ে গাড়ি আমদানির ব্যবসা করেন। তারা নিজেরাই গাড়ি ক্রেতাদের কাছে পৌঁছে দেন। রবিবার রাতে রামপুরা এলাকায় ফারুখ শেখ গাড়ি পৌঁছে দিচ্ছিলেন। রাত ৩টার দিকে বড় মসজিদের সামনে ডিবি পুলিশ পরিচয়ে সাদা রঙের একটি মাইক্রোবাসের গতিরোধ করা হয়। তল্লাশির নামে ফারুখকে গাড়ি থেকে নামিয়ে আনে। তার হাতে হাতকড়া পরিয়ে দেয়। তাকে কয়েক রাউন্ড গুলি করে তারা।
এদিকে রামপুরা থানার ওসি মাহবুবুর রহমান জানিয়েছেন। পুলিশ পরিচয়ে বনশ্রী এলাকায় একটি গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিহত চালকের হাতে হাতকড়া পরানো ছিল। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।