তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে : মায়া

 
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, রাজনীতি না করার মুচলেকা দিয়ে বিদেশের মাটিতে বসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার করায় তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হবে।
তিনি বলেন, সারাবিশ্বের মানুষ যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের প্রশংসা করে তখন তারেক রহমান পাকিস্তানী গোয়েন্দা সংস্থা আইএসআই’র মদদে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচারে মেতে উঠেছেন।
তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে মিথ্যাচারের জন্য এবং ইতিহাস বিকৃতির জন্য আমরা তারেক রহমানের বিচার চাই।’
তিনি সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ‘২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনাকারী খুনি তারেক জিয়ার মিথ্যাচার ও ইতিহাস বিকৃতির’ প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি ।
ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম এমপি।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, খন্দকার মো. বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।