দেশব্যাপী নৌযান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার রাতে ঢাকায় সরকারের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সাথে নৌ শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়।
বৈঠকের সভাপতি নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান ইত্তেফাককে জানান, নৌযান শ্রমিক নেতৃবৃন্দের সাথে ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে নৌযান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, আগামী বুধবার সচিবালয়ে নৌ নিরাপত্তার ব্যাপারে আরো বৃহত্তর পরিসরে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হবে।
এদিকে বৈঠকে উপস্থিত নৌযান শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ আলম ইত্তেফাককে জানান, তারা নৌযান ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, রাতে অনুষ্ঠিত বৈঠকে সরকারের পক্ষ থেকে নৌ নিরাপত্তা, বিশেষ করে ডাকাতি, চাঁদাবাজিসহ নিখোঁজ লোকজনের উদ্ধারে আশ্বাসের প্রেক্ষিতে তারা নৌযান ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে নৌ নিরাপত্তার অংশ হিসেবে আজ মঙ্গলবার থেকে কোস্টগার্ড ও নৌ পুলিশ নৌপথে টহল দেয়া শুরু করবে। আগামী সাতদিনের মধ্যে কর্ণফুলী-৫ লাইটার জাহাজে সংঘটিত ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেয়া হয়েছে। একইসাথে নিখোঁজ লোকজনের উদ্ধারে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। নিহত লোকজনের জন্য একটি তহবিলের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হয়।
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, নৌ পুলিশের ডিআইজি, ডিজিশিপিং, কার্গো ওনার্স এসোসিয়েশন সভাপতি, কোস্টগার্ডের উপ-পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ।