জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর আপীলাত ট্রাইব্যুনালের সদস্য (নতুন বদলীকৃত) এ কে এম বোরহান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধিশাখা-২ (কর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অদক্ষতা, অসদাচারণ ও অকর্মকর্তা সুলভ আচরণের জন্য সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে প্রচলিত নিয়মানুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। নতুন পদে আসার আগে তিনি গাজীপুরের কর কমিশনার ছিলেন।
এ প্রসঙ্গে এ কে এম বোরহার উদ্দিন ইত্তেফাককে বলেন, ইআরডির আওতায় ইকনমিক মিনিস্টার নিয়োগ পাওয়ার ক্ষেত্রে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার অগ্রাধিকার পাওয়ার কথা। সেটি না করে প্রথম দিন মৌখিক পরীক্ষায় অনুপস্থিত প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য মুক্তিযোদ্ধাদের অধিকার রক্ষায় আমি উচ্চ আদালতে যাই। দেশের নাগরিক হিসেবে ন্যায় বিচার পেতে রিট করি। যা এরই মধ্যে তুলে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর পরও আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। এছাড়া তার তার বিরুদ্ধে যে সব কারণ দেখিয়ে বরখাস্ত করা হয়েছে তা সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।