চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছেলেদের দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে এক তরুণীসহ ১৮ জন ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার রাত ২টার থেকে ভোর ৪টা পর্যন্ত হাটহাজারী থানা পুলিশের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহ জালাল ও সোহরাওয়ার্দী হলে একযোগে তল্লাশি চালায়।
অভিযানে আবাসিক হল থেকে একটি পাইপগান, ২টি গুলিসহ ১২টি রামদা উদ্ধার করা হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক সোহরাওয়ার্দী হলের গেস্ট রুম থেকে এক বহিরাগত তরুণীসহ দুটি হল থেকে ছাত্রলীগের তিনটি গ্রুপ- ভিএক্স, সিক্সটি নাইন ও একাকারের প্রায় ১৮ জন ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়। আটকৃতদের বিস্তারিত নাম পরিচয় পাওয়া যায়নি। আটক তরুণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।
সহকারী প্রক্টর লিটন মিত্র ও হেলাল উদ্দিন আহম্মদের উপস্থিতিতে অভিযান পরিচালনা করেন হাটহাজারী সার্কেল সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম ও হাটহাজারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর।
আরো পড়ুন: ঘুমন্ত অবস্থায় ইজিবাইক চালককে কুপিয়ে খুন
গত দুইদিন ধরে ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের সঙ্গে ভিএক্স, একাকার, আরএস ও উল্কা গ্রুপের সংঘর্ষ ও উত্তেজনা চলমান ছিল। এসব ঘটনায় ১৫ জন আহত হন। ক্যাম্পাস হঠাৎ করে অস্থিতিশীল হওয়ায় এই অভিযান চালানো হয় ।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, এখনো মামলা হয়নি তবে প্রক্রিয়াধীন রয়েছে।
ইত্তেফাক/অনি