মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের দায় নিলেন ওবামা

যুক্তরাষ্ট্রে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট বারাক ওবামা তার দল ডোমোক্র্যাট পার্টির পরাজয়ের দায়িত্ব নিয়েছেন। দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাতকারে এই দায় স্বীকার করেন তিনি। গত রবিবার সাক্ষাত্কারটি প্রচারিত হয়। খবর এএফপি’র।

গত ৪ নভেম্বরের নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিরোধী দল রিপাবলিকান পার্টি। যদিও এর আগেও প্রতিনিধি পরিষদে দলটির সংখ্যাগরিষ্ঠতা বজায় ছিল। আর সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে দরকার ছিল মাত্র ছয়টি আসন। প্রয়োজনের চেয়ে আরো বেশি আসন পেয়ে কংগ্রেসে নিজেদের অবস্থান শক্ত করে রিপাবলিকান দল। সাক্ষাতকারে প্রেসিডেন্ট ওবামা দেশটির সাবেক প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের উক্তি ‘ আর দায়িত্ব এড়ানো যাবে না’ উল্লেখ করে বলেন, দলের প্রধান হিসেবে পরাজয়ের এই দায়িত্বও আমি এড়াতে পারি না। তিনি বলেন, তবে এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে যে ওয়াশিংটন ঠিকভাবে চলছে। যদি এটা না হতো তাহলে আমেরিকায় ‘রাজনৈতিক ব্যর্থতা’ পরিলক্ষিত হতো।
প্রেসিডেন্ট ওবামা সিবিএস’র ‘ফেস দ্য ন্যাশন’ শোতে দেয়া সাক্ষাতকারে বলেন, যদি বছরের শেষ দিকে অভিবাসন পদ্ধতির সংস্কারে রিপালিকানরা সমর্থন না দেন তাহলে প্রয়োজনে তিনি তার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন। তবে ওবামা যাতে এককভাবে এই কাজ না করেন সেই বিষয়ে কংগ্রেসে রিপাবলিকানসহ অন্যান্য দল তাকে হুঁশিয়ার করে দিয়েছে। রিপাবলিকান নেতা জন বোয়েনার ওবামার উদ্দেশ্যে বলেন, এই ধরনের পদক্ষেপ ‘ভাল’ কে কলুষিত করবে। আর বর্তমান কংগ্রেসে অভিবাসন নীতি সংস্কার পাস হওয়ার কোন সুযোগ নেই।