নাইজেরিয়ায় স্কুলে বোমা হামলায় নিহত ৪৭

নাইজেরিয়ায় স্কুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় পোটিসকাম শহরে শিক্ষার্থীর ছদ্মবেশে এক ব্যক্তি সোমবার এই হামলা চালায়। খবর: বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্কুল শুরুর আগে অ্যাসেম্বলির জন্য শিক্ষার্থীরা যখন মাঠে জমা হচ্ছিল, সেসময় এই হামলা চালানো হয়।
এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি, তবে কট্টর ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী বোকো হারাম, এর আগেও এই শহরেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে।
বিস্ফোরণের পর স্কুল চত্বরে আহত-নিহতদের দেহ ও জুতা-স্যান্ডেল ছড়িয়ে ছিটিয়ে ছিল। ঘটনাস্থল থেকে বহু ছাত্রকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
গত এপ্রিলে বোকো হারাম শতাধিক স্কুল ছাত্রীকে অপহরণ তরে। এর আগে ফেব্রুয়ারি মাসে তারা আরেকটি স্কুলে হামলা চালিয়ে বহু ছাত্রকে হত্যা করে।