ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতারকৃত জঙ্গি নেতা সাজিদ ওরফে রহমত উল্লাহর ভাই মোনায়েমকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার রাতে নারায়ণগঞ্জের ফরাজিকান্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের মিডিয়া ও লিগ্যাল উইংয়ের পরিচালক কমান্ডার মাহমুদ খান জানান, বর্ধমানের বিস্ফোরণের সাথে মোনায়েমের কোনো সম্পর্ক আছে কী না তা জানতে তাকে গ্রেফতার করা হয়েছে। বর্ধমানে বোমা বিস্ফোরণের আগে সাজিদের সঙ্গে মোনায়েমের মোবাইল ফোনে কথপোকথন হয়েছিল। এছাড়া সাজিদ যে বোমা হামলার পরিকল্পনা করেছিল সে ব্যাপারে মোনায়েম আগে থেকে জানতেন।
এদিকে, প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনার ঘটনায় বাংলাদেশে যে কয়েকজন জঙ্গি গ্রেফতার হয়েছে তাদের তদন্ত করতে ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএ) টিম মঙ্গলবার দুপুর পর্যন্ত ঢাকায় আসার খবর পাওয়া যায় নি। ৭ সদস্যের এই টিম দিল্লি থেকে ঢাকায় আসার কথা। এর আগে গত সোমবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল প্রেস ব্রিফিং করে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি তদন্ত করতে ভারতীয় এনআইএ টিম ঢাকায় আসবে।