সিরাজগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ২৩ ডিসেম্বর

 
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।  আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই আসনের উপনির্বাচন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২০ নভেম্বর, যাচাই-বাছাই ২২ নভেম্বর ও প্রত্যাহার ৩০ নভেম্বর। আর প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে ১ ডিসেম্বর। মঙ্গলবার কমিশন সভায় এ নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়।
গত ৬ অক্টোবর ঈদের দিন সিরাজগঞ্জের রায়গঞ্জের বাড়িতে হঠাত্ অসুস্থ হয়ে পড়লে বগুড়া নেয়ার পথে মারা যান সরকার দলীয় সংসদ সদস্য ইসহাক হোসেন তালুকদার। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক ১৯৮৬, ২০০৯ ও ২০১৪ সালে তিন দফা রায়গঞ্জ-তাড়াশ আসন থেকে এমপি নির্বাচিত হন। সংবিধানের ১২৩(৪) অনুচ্ছেদ অনুযায়ী শূন্য আসনের নির্বাচনের সর্বশেষ সময়-সীমা ছিল আগামী ০৪ জানুয়ারি।
ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা ২০ নভেম্বর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করতে পারবেন। রাজশাহীতে ইসির আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে।
রায়গঞ্জ-তাড়াশ উপজেলার মোট ১৭টি ইউনিয়ন নিয়ে এই সংসদীয় আসন গঠিত। সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা ১৩১, ভোটকক্ষ ৬৯৫টি। মোট ভোটার ৩ লাখ ৩১ হাজার ৩৩৬ জন। পুরুষ ভোটার ১ লাখ ৬৪ হাজার ৫৩৯ এবং মহিলা ভোটার ১ লাখ ৬৬ হাজার ৭৯৭ জন।
ইসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোট গ্রহণের জন্য ধার্য তারিখে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। তবে বিকাল ৪টার সময় ভোট কেন্দ্রের বেষ্টনীর মধ্যে অবস্থিত ভোটাররাও ভোট দেয়ার সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীকে মনোনয়নপত্র গ্রহণের সময় নির্বাচনী এলাকার আওতাধীন পৌরসভার প্রতিওয়ার্ডের জন্য ৫০০ (পাঁচ শত) টাকা এবং প্রতি ইউনিয়নের জন্য ৫০০ (পাঁচ শত) টাকা ট্রেজারি চালান/পে-অর্ডারের মাধ্যমে জমা দিয়ে ছবিছাড়া ভোটার তালিকা সিডি রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে সংগ্রহ করতে হবে। মনোনয়নপত্র দাখিলের আগে প্রার্থীকে যেকোনো তফসিলি ব্যাংকে একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে, যার নম্বর, ব্যাংক ও শাখার নাম মনোনয়নপত্রে উল্লেখ করতে হবে। মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থী স্বয়ং কিংবা প্রার্থীর পক্ষে বিধিতে বর্ণিত ব্যক্তিদের মাধ্যমে জামানত হিসেবে নগদ বা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে ২০ হাজার টাকা জমা দিতে হবে।  বিভিন্ন সময়ে অনুষ্ঠিত জাতীয় সংসদের শূন্য আসনের নির্বাচনের মতো ভোট কেন্দ্রের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। যুগ্ম জেলা জজের নেতৃত্বে দুই সদস্যবিশিষ্ট নির্বাচনী তদন্ত কমিটি নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ভোট গ্রহণের দিন ভোট দানের সুবিধার্থে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে।