কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ জন বাসযাত্রী পুড়িয়ে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠনের তারিখ ফের পিছিয়েছে আদালত। আসামিপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে আদালত মামলার পরবর্তী তারিখ আগামী ৩১ মার্চ ধার্য্য করে। সোমবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলী আকবর এ আদেশ দেন।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি এ মামলায় বেগম খালেদার জিয়ার জামিন আবেদন না মঞ্জুর করে সোমবার মামলার চার্জ গঠনের তারিখ ধার্য করেছিল আদালত।
কুমিল্লার আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান লিটন জানান, ‘সোমবার এ মামলায় চার্জ গঠনের জন্য দিন ধার্য্য ছিল। কিন্তু খালেদা জিয়ার আইনজীবিদের সময় আবেদনের প্রেক্ষিতে আগামী ৩১ মার্চ পরবর্তী তারিখ ধার্য্য করেছে আদালত।’
উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ২০ দলীয় জোটের লাগাতার হরতাল চলাকালে চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে বাসের আট যাত্রী দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আরও পড়ুনঃ জয়পুরহাটে হত্যা মামলার রায়: ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান। পাঁচজনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। পরে ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন অধিকতর তদন্ত শেষে খালেদা জিয়াসহ ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ইত্তেফাক/নূহু