‘যুদ্ধাপরাধীদের ফাঁসি বন্ধে জাতিসংঘের আহ্বান উদ্দেশ্য প্রণোদিত’

 
যুদ্ধাপরাধীদের ফাঁসি বন্ধে জাতিসংঘের আহ্বান সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান।
 মঙ্গলবার দুপুরে রাজশাহী সার্কিট হাউসে এক প্রেস বিফ্রিংয়ে তিনি এই মন্তব্য করেন।
ড. মিজানুর রহমান বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাস দমনের নামে সিরিয়া, ইরাক, আফগানিস্থানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করছে। তখন তো জাতিসংঘ সেগুলোতে সমর্থন করে যায়। অথচ স্বাধীনতা যুদ্ধের সময় যারা এই জাতির ওপরে অমানবিক নির্যাতন চালায় তাদের বিচার যখন দেশের প্রচলিত আইনানুযায়ী হচ্ছে তখন জাতিসংঘ ফাঁসি বন্ধের আহ্বান জানাচ্ছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বাইরের কোনো রাষ্ট্র বা সংস্থা কথা বলবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল আছে। এটি নিয়ে উদ্বেগের কিছু নেই। দেশের সামাজিক, অর্থনৈতিক অবস্থা যেহেতু দিনে দিনে উন্নতি হচ্ছে সেহেতু মানবাধিকার অবস্থারও ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে।’
এর আগে মানবাধিকার চেয়ারম্যান রাজশাহীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকতার নীতিনৈতিকতা ও শিশু সংবাদ প্রসঙ্গ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। ইউনিসেফ ও এমআরডিআই ওই মতবিনিময় সভার আয়োজন করে।