বর্ধমান বিস্ফোরণের ঘটনায় আটক আমজাদ আলি শেখের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ভারতীয় আদালত। মঙ্গলবার কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক মহম্মদ মুমতাজ খানের আদালতে আমজাদকে হাজির করে ভারতীয় জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) আইনজীবী শ্যামল ঘোষ তার ১৪ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে। খবর- আনন্দবাজার পত্রিকার।
এ সময় এনআইএ আদালতকে জানায়, বিস্ফোরকের জন্য ব্যবহূত রাসায়নিক সরবরাহের পাশাপাশি জঙ্গি সংগঠন ‘জামাতুল মুজাহিদিন বাংলাদেশ’-এর শীর্ষ নেতাদের সঙ্গেও যোগাযোগ রাখত।
এনআইএ দাবি করেছে, বীরভূমের কীর্ণাহারের বাসিন্দা আমজাদ ওরফে কাজল বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। তিনি কলকাতার শেক্সপিয়র সরণি থানা এলাকার একটি সংস্থার মহেশতলার কার্যালয়ে কাজ করত। ঐ সংস্থা বিভিন্ন রাসায়নিক কেনাবেচার কাজ করে। তাদের ‘ভ্যাট’ নম্বর ব্যবহার করে বড়বাজার এবং বাগুইআটির কয়েকটি দোকান থেকে বিস্ফোরক তৈরির রাসায়নিক কিনেছিল আমজাদ। টাকা মেটাতো ইন্টারনেটের অন-লাইন মাধ্যমে বিশেষ একটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে।
এছাড়া, খাগড়াগড় বিস্ফোরণ মামলার বিচার প্রক্রিয়া ‘ইন ক্যামেরা’ (গোপনে) করার জন্য আদালতে আবেদন জানায় এনআইএ। আদালতে এই আবেদনের শুনানি হবে আগামী ২০ নভেম্বর।