স্বামীর সামনে দুর্বৃত্তরা স্ত্রীর গলায় ছুরি চালিয়ে দিলো

 
রাজধানীর হাজারীবাগে বাসায় ঢুকে সোহেলী বেগম (৩৮) নামে এক গৃহবধূর গলায় স্বামীর সামনে ছুরি চালিয়ে দিয়েছে। এতে ঐ গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হারুন উর রশিদ নামে এক দুর্বৃত্তকে আটক করে পুলিশে দিয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে পাঠশালা গলির একটি বাসায় এ ঘটনা হয়।
হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মোহম্মদ আলী বলেন, মঙ্গলবার সকালে হাজারীবাগ পাঠশালা গলির ৪ তলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে জাহাঙ্গীর-সোহেলী দম্পতি থাকেন।
সকাল ১১ টার দিকে ৩/৪ জন যুবক ঐ ফ্ল্যাটে প্রবেশ করে। ঘরে ঢুকেই যুবকরা গৃহবধূকে জবাই করার জন্য তার গলায় ছুরি চালায়। এ সময় গৃহবধূ চিত্কার করলে পাশের কক্ষে থাকা তার স্বামী জাহাঙ্গীর আলম ছুটে আসেন। এরই মধ্যে দুর্বৃত্তরা সোহেলীর গলায় একবার ছুরি চালিয়ে দেয়। এতে গলার চামড়া ও মাংসের ক্ষতের সৃষ্টি হয়। এসময় জাহাঙ্গীর চিত্কার করলে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা ছুটে আসেন। এসময় দুর্বৃত্তরা ফ্ল্যাটের ভিতর একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর প্রতিবেশীরা একজন দুর্বৃত্তকে জাপটে ধরে। বাকিরা পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ১টি ককটেল, ৩টি চাপাতি ও রক্তমাখা কাপড়-চোপড় উদ্ধার করে।
আহত গৃহবধূর স্বামী ধারণা করছেন পূর্ব শত্রুতার জের ধরে ভাড়াটে খুনি দিয়ে তার স্ত্রীকে হত্যার চেষ্টা করা হতে পারে। তবে তিনি নিশ্চিত নন কারা এ ঘটনায় জড়িত। সোহেলী বেগমের দুই কন্য সন্তান রয়েছে।       
পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত হারুনকে নিয়ে ঘটনায় জড়িত তার অপর সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম বাদি হয়ে হাজারীবাগ থানায় হত্যা চেষ্টার মামলা করেছেন।