হাতকড়া পরিয়ে চালককে গুলি করে হত্যা: গাড়িটি উদ্ধার করেছে পুলিশ

 
 
 
 
 
 
 
রাজধানীর রামপুরার বনশ্রীতে রবিবার রাত সাড়ে ৩টায় উদ্ধার হওয়া হাতকড়াপরা গুলিবিদ্ধ নিহত গাড়িচালক ফারুক খাঁর (৩৫) খুনিদের দুই দিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে ছিনতাই হওয়া গাড়িটি দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা-মাওয়া সংযোগ সড়কের পাশ থেকে সোমবার রাত ৯টার দিকে উদ্ধার করেছে পুলিশ। 
ঘটনার ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপকমিশনার মাসুদুর রহমান জানান— দুর্বৃত্তরা গাড়িটি চেকপোস্টে ফেলে রেখে পালিয়েছে। দুর্বৃত্তদেরকে ধরার চেষ্টা অব্যাহত আছে। পেশাদার দুর্বৃত্তরাই এ ঘটনা ঘটিয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে— সোমবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সংযোগ সড়কে গাড়িটি পৌঁছালে পুলিশ সেটি থামার নির্দেশ দেয়। কিন্তু গাড়িটি না থামিয়ে দ্রুত চালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক। এ সময় থানার এএসআই মাহফুজুর রহমান মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে গাড়িটিকে। বেশ কিছু দূর গিয়ে দুর্বৃত্তরা গাড়িটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটি উদ্ধার করে।