বিশ্বমানের চিকিত্সা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে :স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের নানামুখী পদক্ষেপের ফলে সামগ্রিক চিকিত্সা সেবারই অভূতপূর্ব উন্নতি হয়েছে। বিশ্বমানের চিকিত্সা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিনিয়ত চেষ্টা চলছে। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে হূদরোগের চিকিত্সা নিয়ে আয়োজিত একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশ-বিদেশে সবাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজের প্রশংসা করে, শুধু টিআইবি করে না। সম্প্রতি প্রকাশিত টিআইবির প্রতিবেদনে স্বাস্থ্যখাতে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ নেই। আমি টিআইবির প্রতিবেদনটি লাইন বাই লাইন পড়েছি। কোথাও লেখা নেই কে কাকে ঘুষ দিয়েছে। তাদের বলতে হবে, কোথায় কাকে কত টাকা ঘুষ দিতে হয়েছে। নতুবা বুঝব এ প্রতিবেদনটি ভিত্তিহীন।
মোহাম্মদ নাসিম বলেন, আমি দুর্নীতিকে প্রশ্রয় দেই না। আশ্রয় দেয়ার প্রশ্নই ওঠে না। আমি কাউকে ছাড়ব না। যার বিরুদ্ধেই দুর্নীতি প্রমাণ হয়েছে, তাকেই আমি সরিয়ে দিয়েছি। দায়িত্ব নেয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোথাও কোনো তদবির হয়নি। বিসিএস ক্যাডারের মাধ্যমে বাংলাদেশে এই প্রথম একসঙ্গে ৬ হাজার চিকিত্সক নিয়োগ দেয়া হয়েছে। মেডিক্যালে ভর্তিতে নীতিমালা ভঙ্গ করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, এমবিবিএস পরীক্ষা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে হয়েছে। পরীক্ষার আগেই সব কোচিং সেন্টার বন্ধ করে দেয়া হয়েছিল। এমন কী প্রশ্নপত্র ফাঁসের কোনো গুজবও হয়নি।
তিনি বলেন, দেশের হূদরোগের চিকিত্সায় অভূতপূর্ব উন্নতি হয়েছে। তবে আরো উন্নতির লক্ষ্যে এবং বিশ্বমানের চিকিত্সা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিনিয়ত চেষ্টা চলছে। সারাদেশে ১৩ হাজার হেলথ কমিউনিটি ক্লিনিকে ৩০ ধরনের ওষুধ ফ্রি দেয়া হচ্ছে।
‘প্রথম লাইভ ওয়ার্কশপ অন কমপ্লেক্স করোনারি ইন্টারভেনশন এবং সায়েন্টিফিক কনফারেন্স’ শীর্ষক দুই দিনব্যাপী এ কর্মশালা যৌথভাবে আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগ ও দি সোসাইটি ফর স্টাডি অব চেস্ট পেইন। বিএসএমএমইউ’র ভাইস চ্যালেন্সর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ জুলফিকার রহমান খান, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আবু সিদ্দিক, দি সোসাইটি ফর স্টাডি অব চেস্ট পেইন’র সভাপতি অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানর্জী, বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান প্রমুখ। অনুষ্ঠানে ভারতের হূদরোগ বিশেষজ্ঞ ডা. রবিন্দ্রনাথ চক্রবর্তীকে ক্রেস্ট প্রদান করা হয়।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়, স্বাস্থ্য খাতে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে ১০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়।
২০১৯ সালের আগে কোন নির্বাচন হবে না: নাসিম
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যত ষড়যন্ত্র করা হোক না কেন দেশে ২০১৯ সালের আগে দেশে কোন নির্বাচন হবে না। গতকাল মঙ্গলবার বিকালে কাপাসিয়ায় জেল হত্যা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উত্খাতের জন্য দেশে বিদেশে চেষ্টা হচ্ছে। ভারতের বর্ধমান থেকেও হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। এ জন্য তিনি বলেন, সকলকে ঐক্যবদ্ধভাবে সজাগ ও সতর্ক থাকতে হবে। মোহাম্মদ নাসিম বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ নয়, তারেক রহমানই যথেষ্ট। আন্দোলন মানে যে জ্বালাও পোড়াও সেটা বিএনপি প্রমাণ করে দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, গাজীপুর বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের ঘাঁটি। তাজউদ্দীনের কাপাসিয়ায় উন্নয়নের জন্য যা যা দরকার সব কিছু করা হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, নুরুল মজিদ হুমায়ুন এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মমতাজ উদ্দিন মেহেদী, টংগী পৌরসভার সাবেক মেয়র আজমত উল্লাহ খান, কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা প্রমুখ।